Search
Close this search box.

নেতানিয়াহুর শারীরিক অবস্থা নিয়ে হিব্রু গণমাধ্যমে জল্পনা: ‘নিখোঁজ’ থাকার দাবি

অহনা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বর্তমান শারীরিক অবস্থা এবং অবস্থান নিয়ে বিভিন্ন হিব্রু ভাষার সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবল জল্পনা শুরু হয়েছে। গত কয়েকদিন ধরে জনসম্মুখে তার অনুপস্থিতি এবং নিয়মিত ভিডিও বার্তা বন্ধ থাকায় তিনি গুরুতর আহত বা নিহত হয়েছেন কি না—এমন প্রশ্ন তুলছে কতিপয় সূত্র। তবে ইসরায়েলি সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এসব দাবিকে ভিত্তিহীন ও ‘ভুয়া খবর’ বলে উড়িয়ে দেওয়া হয়েছে।

ইরানের তাসনিম নিউজ এজেন্সির হিব্রু ওয়েবসাইটের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত ৭ মার্চের পর থেকে নেতানিয়াহুর কোনো নতুন ভিডিও বার্তা প্রকাশিত হয়নি। সাধারণত তিনি প্রতিদিন বা একদিন অন্তর ভিডিও বার্তার মাধ্যমে দেশবাসীকে পরিস্থিতি জানান দিলেও গত তিন দিন ধরে কেবল তার নামে লিখিত বিবৃতি প্রকাশ করা হচ্ছে। এছাড়া নেতানিয়াহুর ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম হ্যান্ডলগুলো থেকেও গত চার দিন কোনো সাম্প্রতিক ছবি পোস্ট করা হয়নি।

হিব্রু সূত্রগুলো জানিয়েছে, গত ৮ মার্চ থেকে নেতানিয়াহুর বাসভবনের চারপাশে নিরাপত্তা ব্যবস্থা নজিরবিহীনভাবে বাড়ানো হয়েছে। বিশেষ করে আত্মঘাতী ড্রোন হামলা মোকাবিলায় অতিরিক্ত প্রতিরক্ষা বলয় তৈরি করা হয়েছে।

 মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফের মঙ্গলবারের পূর্বনির্ধারিত ইসরায়েল সফর হঠাৎ বাতিল হওয়ার ঘটনাটিকেও এই রহস্যের সাথে যুক্ত করে দেখছেন অনেকে। যদিও এর কোনো আনুষ্ঠানিক কারণ জানানো হয়নি।

 ফ্রান্সের প্রেসিডেন্টের কার্যালয় থেকে নেতানিয়াহুর সাথে এক ফোনালাপের বিবরণ প্রকাশ করা হলেও সেখানে আলোচনার নির্দিষ্ট কোনো তারিখ বা সময় উল্লেখ না থাকায় ধোঁয়াশা আরও বেড়েছে।

উল্লেখ্য, গত ২ মার্চ জেরুজালেমে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর থেকেই তেহরান দাবি করে আসছে যে নেতানিয়াহুর কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তার পরিণতি অনিশ্চিত। তবে ওই সময় ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছিল, প্রধানমন্ত্রী সুস্থ আছেন এবং তিনি নিয়মিত অপারেশনাল কার্যক্রম তদারকি করছেন। বর্তমান গুঞ্জনের বিষয়েও ইসরায়েল সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা বলছেন, যুদ্ধকালীন পরিস্থিতিতে নিরাপত্তার খাতিরে অনেক সময় জনসম্মুখে উপস্থিতি কমিয়ে আনা হয় এবং এটি একটি নিয়মিত কৌশলের অংশ।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ