Search
Close this search box.

বগুড়ায় অগ্নিকাণ্ডে নিঃস্ব কৃষক পরিবার: ৮ লাখ টাকার ক্ষতি

অহনা

বগুড়ার ধুনট উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে একটি প্রান্তিক কৃষক পরিবারের বসতবাড়ি ভস্মীভূত হয়েছে। সোমবার (৯ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার আনারপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘরবাড়ি, আসবাবপত্র, খাদ্যসামগ্রী ও নগদ অর্থসহ প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম মঙ্গলবার (১০ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অগ্নিকাণ্ডের সময় ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের টহল জোরদার করা হয়েছিল। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে কৃষক জাবেদ মোল্লার সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। তবে ওই সময় পরিবারের সদস্যরা ঢাকায় অবস্থান করায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অনুযায়ী, রান্নাঘর বা বসতঘরের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি।

 দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষক জাবেদ মোল্লা জানান, ধার-দেনা করে চাষাবাদ ও সংসার চালাতেন তিনি। আগুনে তার নগদ টাকা ও মালামাল পুড়ে যাওয়ায় তিনি এখন নিঃস্ব।

 পরিবারটি বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। ক্ষতি পুষিয়ে নিতে সরকারি সহায়তার আকুল আবেদন জানিয়েছেন ক্ষতিগ্রস্ত জাবেদ মোল্লা।

ধুনট ফায়ার সার্ভিসের স্টেশন লিডার হামিদুল ইসলাম জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানো সম্ভব হয়েছে। তবে এর আগেই বাড়িটি ভস্মীভূত হয়ে যায়।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ