ইউনিসেফের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে লেবাননজুড়ে প্রতিদিন গড়ে ১০টিরও বেশি শিশু নিহত হয়েছে এবং ৩৬ জন শিশু আহত হয়েছে। গত ২৮ মাসের সামগ্রিক হিসেবে দেশটিতে ৩২৯ শিশু নিহত এবং ১ হাজার ৬৩২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘাতের কারণে সৃষ্ট ব্যাপক বাস্তুচ্যুতির ফলে প্রায় ৭ লাখ মানুষ তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে, যার মধ্যে প্রায় ২ লাখই শিশু।
বিবৃতিতে ইউনিসেফ অবিলম্বে পরিস্থিতি শান্ত করতে এবং শিশুদের জানমালের আরও ক্ষতি রোধ করতে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে। সংস্থাটি বিশেষভাবে স্কুল, আশ্রয়কেন্দ্র এবং বেসামরিক অবকাঠামো রক্ষায় আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার ওপর গুরুত্বারোপ করেছে। সংঘাত শিশুদের ওপর যে দীর্ঘমেয়াদী মানসিক ও শারীরিক প্রভাব ফেলছে, তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।








