Search
Close this search box.

লন্ডনে কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন ড. খলিলুর রহমান

অহনা

লন্ডনের ল্যাঙ্কাস্টার হাউসে অনুষ্ঠিত ২৬তম কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। রোববার (৯ মার্চ) অনুষ্ঠিত এই সম্মেলনে কমনওয়েলথভুক্ত ৫৬টি সদস্য রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও ঊর্ধ্বতন প্রতিনিধিরা বহুপাক্ষিক সহযোগিতা জোরদার এবং বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সংস্থার ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে প্রতিনিধিদলে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা। বৈঠকে বিশেষ করে আন্তর্জাতিক নিয়ম-নীতির অবক্ষয় এবং বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোর সামনের চ্যালেঞ্জগুলো নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। এছাড়া আগামী ১-৪ নভেম্বর অ্যান্টিগুয়া ও বার্বুডায় অনুষ্ঠেয় কমনওয়েলথ সরকার প্রধানদের সম্মেলনের (সিএইচওজিএম) নীতিগত অগ্রাধিকারগুলোও এই বৈঠকে নির্ধারিত হয়।

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, ২০২৬-২০২৭ মেয়াদে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থিতার পক্ষে সমর্থন আদায়ের লক্ষ্যে এই সম্মেলনকে বড় সুযোগ হিসেবে দেখছে ঢাকা। এই পদের জন্য বাংলাদেশের প্রার্থী খোদ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ফিলিস্তিন তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় এখন বাংলাদেশের একমাত্র প্রতিদ্বন্দ্বী সাইপ্রাস। আগামী ২ জুন নিউ ইয়র্কে এ সংক্রান্ত নির্বাচন অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, এর আগে ১৯৮৬-৮৭ সালে বাংলাদেশের পক্ষে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন।

এই সম্মেলনের মাধ্যমেই সোমবার থেকে কমনওয়েলথ দিবস উদযাপনের কার্যক্রম শুরু হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সফর শেষে আগামী ১২ মার্চ দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ