Search
Close this search box.

সাংবাদিকদের বেতন-বোনাস ও ৫ দিনের ছুটির দাবি বিএফইউজে-ডিইউজে’র

অহনা

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সাংবাদিকদের চলতি মাসের বেতনসহ বোনাস পরিশোধ এবং সংবাদপত্রে ন্যূনতম ৫ দিন ছুটির ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। সোমবার (৯ মার্চ) এক যৌথ বিবৃতিতে সাংবাদিক নেতারা এই দাবি উত্থাপন করেন।

বিবৃতিতে বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গনি চৌধুরী এবং ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম বলেন, ঈদের ছুটি ঘনিয়ে এলেও অনেক সংবাদমাধ্যম প্রতিষ্ঠান এখনও সাংবাদিকদের বেতন-ভাতা পরিশোধ করেনি।

অনেক প্রতিষ্ঠান ওয়েজ বোর্ড বাস্তবায়নের ঘোষণা দিয়ে সরকারের সব ধরনের সুযোগ-সুবিধা ভোগ করলেও সাংবাদিকদের পাওনা পরিশোধে টালবাহানা করছে। নেতারা অবিলম্বে আইন অনুযায়ী পূর্ণ বেতন ও বোনাস পরিশোধের তাগিদ দিয়ে সতর্ক করেন যে, অন্যথায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সরকারি সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে ইউনিয়ন কঠোর অবস্থান নিতে বাধ্য হবে।

এদিকে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ইতোমধ্যে ৭ দিনের ছুটি ঘোষণা করা হলেও সংবাদপত্র মালিকদের সংগঠন ‘নোয়াব’ (NOAB) ছুটির বিষয়ে এখনও কোনো সুনির্দিষ্ট ঘোষণা দেয়নি। সাংবাদিক নেতারা গত বছরের ধারাবাহিকতায় এবারও সংবাদপত্রে কমপক্ষে ৫ দিনের ছুটি ঘোষণা করার জন্য মালিকপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ