নিহত বাচ্চু মিয়া কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের পশ্চিম ফেকামারা গ্রামের মৃত রইস উদ্দিনের ছেলে। সংসারের সচ্ছলতা ফেরাতে পাঁচ বছর আগে সৌদি আরব পাড়ি জমানো এই রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সোমবার সকালে সরেজমিনে তার বাড়িতে গিয়ে দেখা যায়, জরাজীর্ণ ঘরে স্ত্রী জোছনা আক্তার তিন সন্তান নিয়ে বিরামহীন বিলাপ করছেন। তিন ছেলে-মেয়ের মধ্যে একজন মানসিক প্রতিবন্ধী হওয়ায় পরিবারের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে।
কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজ নিহতের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন এবং প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিক সহায়তার আশ্বাস দেন। এছাড়া কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দীন এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। স্থানীয় এলাকাবাসী দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং এই দরিদ্র পরিবারের দায়িত্ব নিতে সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন।








