গত শুক্রবার রাতভর প্রবল বৃষ্টিতে নাইরোবি নদী উপচে পড়লে রাজধানীর নিম্নাঞ্চল ও বস্তি এলাকাগুলো প্লাবিত হয়। বৃষ্টির তোড়ে রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় অসংখ্য যানবাহন ভেসে যায় এবং বহু মানুষ পানিবন্দি হয়ে পড়েন। বন্যায় কেনিয়ার প্রধান বিমানবন্দরে বিমান চলাচলও বিঘ্নিত হয়েছে। জনসেবা ও বিশেষ কর্মসূচি বিষয়ক মন্ত্রী জিওফ্রে কিরিঙ্গা রুকু জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকার জরুরি চিকিৎসা ও অন্ত্যেষ্টিক্রিয়ার খরচ বহনের ঘোষণা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রেসিডেন্ট উইলিয়াম রুটো জাতীয় মজুদ থেকে জরুরি খাদ্য সহায়তা বিতরণের নির্দেশ দিয়েছেন এবং সেনাবাহিনীকে উদ্ধারকাজে সক্রিয় থাকার আদেশ দিয়েছেন। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে পূর্ব আফ্রিকায় বৃষ্টির ধরন বদলে যাওয়ায় এ ধরনের আকস্মিক ও তীব্র বন্যার ঝুঁকি আগের চেয়ে দ্বিগুণ বেড়েছে।








