পরমাণু ইস্যুতে এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার দাবির সূত্র ধরে ট্রাম্প জানান, ইরান চাইলে ১০ দিনেরও কম সময়ে অস্ত্র তৈরির উপযোগী পারমাণবিক উপাদান প্রস্তুত করতে পারে। তাদের এই সমৃদ্ধ ইউরেনিয়ামের বিশাল অংশ নাতানজ, ফরদো ও ইসফাহান প্ল্যান্টে সংরক্ষিত রয়েছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রয়োজনে ওই ইউরেনিয়াম জব্দ করতে যুক্তরাষ্ট্র বিশেষ বাহিনী পাঠানোর বিষয়টিও বিবেচনা করছে এবং এ ক্ষেত্রে ‘সব বিকল্প’ খোলা রাখা হয়েছে।
চলমান যুদ্ধ কতদিন স্থায়ী হবে—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প সুনির্দিষ্ট সময় না বললেও দাবি করেন যে, মার্কিন বাহিনী তাদের পরিকল্পনার চেয়েও দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। এর আগে তিনি সংঘাত চার থেকে পাঁচ সপ্তাহ স্থায়ী হওয়ার আভাস দিয়েছিলেন। ট্রাম্পের এই মন্তব্য মধ্যপ্রাচ্যে শাসনব্যবস্থার পরিবর্তন এবং সামরিক হস্তক্ষেপের এক নতুন ও কঠোর ইঙ্গিত বহন করছে।








