Search
Close this search box.

কানাডায় ভারতীয় বংশোদ্ভূত ইউটিউবার ন্যান্সি গ্রেওয়ালকে কুপিয়ে হত্যা: পরিকল্পিত খুনের অভিযোগ

অহনা

কানাডার ওন্টারিও প্রদেশে ভারতীয় বংশোদ্ভূত জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও ইউটিউবার ন্যান্সি গ্রেওয়ালকে (৪৫) কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ মার্চ) রাতে ওন্টারিওর উইন্ডসর এলাকার টড লেনের কাছে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় পুলিশ সার্ভিস জানিয়েছে, রাত সাড়ে ৯টা নাগাদ ছুরিকাঘাতের খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ প্রাথমিক তদন্তে এটিকে একটি ‘বিচ্ছিন্ন’ হামলা বলে দাবি করলেও আততায়ীদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। তদন্তের স্বার্থে কানাডা স্ট্রিট ও বিশপ স্ট্রিটের দুটি বাড়ি ইতোমধ্যে সিল করে দেওয়া হয়েছে।

নিহত ন্যান্সির মা এই ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছেন। তিনি জানান, গত কয়েকদিন ধরে ন্যান্সিকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছিল এবং কয়েক মাস আগে তার বাড়ি পুড়িয়ে দেওয়ার চেষ্টাও করা হয়েছিল। তিনি স্থানীয় একটি গুরুদ্বারের এক ব্যক্তিসহ মোট তিনজনের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন। তার দাবি, সিসিটিভি ফুটেজে এক সন্দেহভাজনকে শনাক্ত করার পর থেকেই ন্যান্সিকে ভয় দেখানো হচ্ছিল।

পাঞ্জাবের জলন্ধরের বাসিন্দা ন্যান্সি গ্রেওয়াল সোশ্যাল মিডিয়ায় তার স্পষ্টভাষী মতামতের জন্য অত্যন্ত পরিচিত ছিলেন। তার কনটেন্টের প্রধান বিষয়বস্তু ছিল খালিস্তান বিরোধিতা। তিনি কানাডা ও ভারতে সক্রিয় খালিস্তানপন্থি বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে এবং ভারতের পক্ষে লাগাতার সরব ছিলেন। বিশেষ করে জেলবন্দি সাংসদ অমৃতপাল সিং ও অন্যান্য বিচ্ছিন্নতাবাদী নেতাদের কড়া সমালোচনা করতেন তিনি। এছাড়া সম্প্রতি এক ধর্মগুরুকে কটাক্ষ করে কনটেন্ট তৈরির জেরে এই হত্যাকাণ্ড কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।

ন্যান্সি গ্রেওয়ালের এই আকস্মিক মৃত্যুতে কানাডায় বসবাসরত ভারতীয় কমিউনিটির মধ্যে তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপড়েনের এই সময়ে এমন হত্যাকাণ্ড পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ