Search
Close this search box.

স্ত্রীর বিরুদ্ধে আলভীর বিস্ফোরক অভিযোগ: ‘শেষ স্ট্যাটাসে’ চাঞ্চল্যকর তথ্য ফাঁস

অহনা

আত্মগোপনে থাকা ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা যাহের আলভী এবার তার স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার বিরুদ্ধে একাধিক গুরুতর ও বিস্ফোরক অভিযোগ তুলেছেন। শুক্রবার (৬ মার্চ) রাত ১১টা ৩৫ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি এসব দাবি করেন। পোস্টটিকে নিজের ‘শেষ স্ট্যাটাস’ হিসেবে উল্লেখ করে আলভী সিসিটিভি ফুটেজ, ময়নাতদন্তের প্রতিবেদন এবং স্ত্রীর অতীত নিয়ে বেশ কিছু প্রশ্ন তুলেছেন।

আলভী দাবি করেন, তার বাসার ড্রয়িং ও ডাইনিং রুমের সিসিটিভি ক্যামেরার নিয়ন্ত্রণ ছিল কেবল ইকরার ফোনে। মৃত্যুর আগের কয়েক রাতে ইকরার বন্ধু-বান্ধবীরা বাসায় এসে মাদক সেবন করেছিলেন এবং ইকরা আলভীর সহকারীকে দিয়ে ঘুমের ওষুধ আনিয়েছিলেন বলে তিনি জানান। এই ফুটেজগুলো যাতে নষ্ট করা না হয়, সে বিষয়ে তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। এছাড়া ইকরার মোবাইল ফোনটি বর্তমানে ফরেনসিকে রয়েছে জানিয়ে তিনি বলেন, সেখান থেকেই জানা যাবে কে তার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করেছে এবং তথ্য মুছে ফেলার চেষ্টা করেছে কি না।

সবচেয়ে সংবেদনশীল বিষয় হিসেবে আলভী তার স্ত্রীর অতীত নিয়ে মুখ খুলেছেন। নিজের বিরুদ্ধে ওঠা পরকীয়ার অভিযোগ অস্বীকার করে তিনি পাল্টা প্রশ্ন তোলেন—ইকরার সঙ্গে তার এক সহপাঠীর কী সম্পর্ক ছিল? এমনকি ২০১০ সালে পালিয়ে বিয়ে করার পর ইকরার পরিবার তাকে না জানিয়েই অন্যত্র বিয়ে দিয়েছিল এবং ইকরা সেই বিয়েতে সম্মতি দিয়েছিলেন বলেও দাবি করেন আলভী। পরবর্তীতে ইকরা ফিরে এলে আলভী তাকে ক্ষমা করে মেনে নিয়েছিলেন বলে স্ট্যাটাসে উল্লেখ করেন।

স্ট্যাটাসের শেষ দিকে নিজের জীবন নিয়ে চরম শঙ্কা প্রকাশ করেছেন এই অভিনেতা। ওপর মহলের চাপ, ইকরার পরিবারের প্রতিশোধ এবং সহকর্মীদের অসহযোগিতার কারণে তিনি আর বাঁচতে পারবেন না বলে আশঙ্কা প্রকাশ করেন। একমাত্র সন্তানের ভবিষ্যতের কথা ভেবে তিনি সাধারণ মানুষ ও সাংবাদিকদের কাছে সুষ্ঠু তদন্তের আকুতি জানিয়েছেন এবং পরিশেষে সবার কাছে ক্ষমা চেয়েছেন। এই স্ট্যাটাসটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশের পর বিনোদন অঙ্গনে নতুন করে তোলপাড় শুরু হয়েছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ