Search
Close this search box.

ভালভার্দের শেষ মুহূর্তের গোলে রিয়ালের নাটকীয় জয়: বার্সার ওপর চাপ বৃদ্ধি

অহনা

স্প্যানিশ লা লিগায় শেষ মুহূর্তের রোমাঞ্চকর এক গোলে সেল্তা ভিগোর বিপক্ষে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। যোগ করা সময়ে ফেদেরিকো ভালভার্দের লক্ষ্যভেদে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে তারা। এই জয়ের ফলে শিরোপা দৌড়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার ওপর প্রবল চাপ সৃষ্টি করল লস ব্ল্যাঙ্কোসরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে লড়াই জমে ওঠে। প্রথমার্ধে অরলিয়েঁ চুয়ামেনির একটি জোরালো শট গোলপোস্টে লেগে জালে জড়ালে লিড নেয় রিয়াল। তবে স্বাগতিক সেল্তা ভিগো দ্রুতই ম্যাচে সমতা ফেরায়। রিয়ালের রক্ষণভাগের দুর্বল সুযোগ নিয়ে উইলিয়ট সোয়েডবার্গ বল বাড়িয়ে দেন বোরহা ইগলেসিয়াসকে, যা থেকে গোল করতে ভুল করেননি তিনি। ম্যাচের ভাগ্য যখন ড্রয়ের দিকে যাচ্ছিল, ঠিক তখনই দৃশ্যপটে আসেন ভালভার্দে। তার নেওয়া শট প্রতিপক্ষের ডিফেন্ডার মার্কোস আলনসোর গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে ঢুকে গেলে উল্লাসে মাতে রিয়াল শিবির।

এই ম্যাচে রিয়াল মাদ্রিদ বেশ সংকটে ছিল। ইনজুরির কারণে কিলিয়ান এমবাপে ও জুড বেলিংহামসহ দলের অন্তত ৬ জন শীর্ষ তারকা মাঠের বাইরে ছিলেন। কোচ আলভারো আরবেলোয়াকে তাই অনেকটা বাধ্য হয়েই বিকল্প একাদশ নিয়ে মাঠে নামতে হয়েছে। টানা দুই ম্যাচে পয়েন্ট হারানোর পর এই জয়টি রিয়ালের আত্মবিশ্বাস পুনরুদ্ধারে বড় ভূমিকা রাখবে।

পয়েন্ট তালিকায় বর্তমানে বার্সেলোনার ঠিক এক পয়েন্ট পেছনে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ, যদিও তারা বার্সার চেয়ে এক ম্যাচ বেশি খেলেছে। আজ শনিবার অ্যাথলেটিক ক্লাবের মুখোমুখি হবে বার্সেলোনা; সেই ম্যাচে কাতালানরা জিতলে ব্যবধান আবার চার পয়েন্টে দাঁড়াবে। তবে রিয়ালের সামনে এখন আরও বড় পরীক্ষা, আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগের মহারণে তারা মুখোমুখি হবে শক্তিশালী ম্যানচেস্টার সিটির।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ