Search
Close this search box.

পাঁচ ব্যাংকের ক্ষতিগ্রস্ত শেয়ারহোল্ডারদের জন্য ধাপে ধাপে ক্ষতিপূরণ

হাবিবা

ছবিঃ সংগৃহীত

একীভূত করা পাঁচটি ইসলামী ব্যাংকের ক্ষতিগ্রস্ত শেয়ারহোল্ডারদের জন্য ক্ষতিপূরণ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, কীভাবে ক্ষতিপূরণ দেওয়া হবে তার একটি মডেল তৈরি করতে কিছু সময় লাগবে। ক্ষতিপূরণ ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, “শেয়ারহোল্ডারদের ক্ষতিপূরণ টেকনিক্যাল কারণে জটিল। ব্যাংকগুলোর নেট অ্যাসেট ভ্যালু নেগেটিভ হওয়ার কারণে সরাসরি ক্ষতিপূরণ দেওয়া সহজ নয়। তবে আমরা দেখছি কতটুকু করা সম্ভব।”

ড. সালেহউদ্দিন আরও বলেন, ক্ষতিপূরণ প্রদান প্রসঙ্গে একজন শেয়ারহোল্ডারের ক্ষেত্রে আংশিক শেয়ার বা আর্থিক ক্ষতিপূরণের ব্যবস্থা করা হতে পারে। এটি সম্পূর্ণভাবে ধাপে ধাপে হিসাব করে বাস্তবায়ন করতে হবে। তিনি জানান, পরবর্তী অর্থমন্ত্রী এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

তিনি ব্যাংক খাত সংস্কারের ওপর জোর দিয়ে বলেন, “শুধু এককালীন সিদ্ধান্তে সমস্যা সমাধান হবে না। ব্যাংকিং খাতের কাঠামোগত দুর্বলতা দূর করতে ধারাবাহিক সংস্কার, নিয়ন্ত্রক সংস্থার সক্ষমতা বৃদ্ধি এবং বাজারে আস্থা ফিরিয়ে আনা জরুরি। শেয়ারবাজার ও বন্ড মার্কেট শক্তিশালী না হলে ব্যবসা-বাণিজ্য দীর্ঘমেয়াদে ব্যাংকনির্ভরই থাকবে।”

ড. সালেহউদ্দিনের মতে, এই উদ্যোগগুলো ধারাবাহিকভাবে এগিয়ে নিলে ব্যাংক খাতসহ সমগ্র অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরবে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ