প্রথমে ব্যাট করে আফগানিস্তান ২০ ওভারে ৬ উইকেটে তোলে ১৮২ রান। পাওয়ারপ্লেতে ২ উইকেট হারিয়ে ৪৪ রান করে রশিদ খানের দল। তৃতীয় উইকেটে গুলবাদিন নাইব ও সেদিকউল্লাহ আতাল ৫১ বলে ৭৯ রানের জুটি গড়েন। তিন নম্বরে নামা গুলবাদিন ৩৫ বলে ৩ চার ও ৪ ছক্কায় করেন ৬৩ রান, যা আফগানদের ইনিংসে সর্বোচ্চ।
নিউজিল্যান্ডের হয়ে লকি ফার্গুসন ৪ ওভারে ৪০ রানে নেন ২ উইকেট। একটি করে উইকেট পান রাচীন রবীন্দ্র, ম্যাট হেনরি ও জ্যাকব ডাফি।
১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। ১.৪ ওভারে ২ উইকেটে ১৪ রানে নেমে যায় দলটি। ফিন অ্যালেন ও রাচীন রবীন্দ্রকে বোল্ড করেন মুজিব উর রহমান। চাপের মুহূর্তে হাল ধরেন টিম সাইফার্ট ও গ্লেন ফিলিপস। তৃতীয় উইকেটে ৪৭ বলে ৭৪ রানের জুটি গড়েন তাঁরা।
ফিলিপস ২৫ বলে ৪২ রান করে রশিদ খানের বলে বোল্ড হন। এক প্রান্তে দাঁড়িয়ে টিম সাইফার্ট তোলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১৪তম ফিফটি। ৪২ বলে ৬৫ রান করে মোহাম্মদ নবির বলে আউট হন তিনি। শেষ পর্যন্ত ৫ উইকেটের জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘ডি’ গ্রুপকে মৃত্যুকূপ বলা হচ্ছে। নিউজিল্যান্ড, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে রয়েছে কানাডা ও সংযুক্ত আরব আমিরাত। সেই কঠিন গ্রুপে প্রথম ম্যাচেই জয় তুলে নিয়ে ভালো সূচনা করল কিউইরা।








