উইল লুইসের স্থলাভিষিক্ত হবেন জেফ ডি’অনোফ্রিয়ো, যিনি ভারপ্রাপ্ত প্রকাশকের দায়িত্ব পালন করবেন।
পদত্যাগের ঘোষণা উইল লুইস স্টাফদের কাছে একটি ছোট নোটের মাধ্যমে জানান। নোটে তিনি পত্রিকার মালিক ও বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি জেফ বেজোসকে ধন্যবাদ জানান। উইল লুইস বলেন, ওয়াশিংটন পোস্টের ভবিষ্যতের জন্য কঠিন সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন ছিল।
তিনি লিখেছেন, “ওয়াশিংটন পোস্টে দুই বছরের পরিবর্তনের পর, আমার জন্য সরে যাওয়ার এখনই উপযুক্ত সময়। আমি প্রকাশক ও সিইও হিসেবে থাকার সময়ে জেফ বেজোস যে সমর্থন ও নেতৃত্ব দিয়েছেন, তার জন্য ধন্যবাদ জানাই। এ প্রতিষ্ঠান তার চেয়ে ভালো মালিক পেয়েছে।”
উইল লুইস ছাঁটাইয়ের কারণের প্রতি ইঙ্গিত দিয়ে নোটে উল্লেখ করেন, “আমার দায়িত্বকালে, ওয়াশিংটন পোস্টের টেকসই ভবিষ্যতের কথা চিন্তা করে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। যাতে এটি লাখ লাখ পাঠককে খবর পৌঁছে দিতে পারে।”
সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, গত বুধবার যখন সাংবাদিকদের ছাঁটাই করা হয়, তখন কর্মীরা খবরটি শুনে চাঞ্চল্য ও অসন্তোষ প্রকাশ করেছিলেন। এই পদক্ষেপ সংবাদমাধ্যমের অভ্যন্তরীণ পরিবেশে বড় ধরনের উত্তেজনা সৃষ্টি করেছে।








