ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশের সব নাগরিকের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা হবে। বিশেষ করে নারীদের জন্য ঘরে, কর্মস্থলে এবং সমাজের সর্বত্র নিরাপদ পরিবেশ গড়ে তোলা হবে। তিনি বলেন, এমন একটি বাংলাদেশ গড়ে তোলা হবে, যেখানে কোনো জালিম নারী জাতির কারও দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না।
তিনি আরও বলেন, মাথা ঠান্ডা রাখুন, মানুষের কথা শুনুন, বোঝার চেষ্টা করুন। মানুষ কী ভাবছে, কী চায়—সেটা যদি উপলব্ধি করা যায়, তাহলে দেশও বাঁচবে, রাজনীতিবিদরাও বাঁচবেন, সমাজও বাঁচবে।
দুর্নীতি ও চাঁদাবাজির বিষয়ে জামায়াত আমির বলেন, তাদের রাজনীতিতে চাঁদাবাজি ও দুর্নীতির কোনো জায়গা নেই। তিনি বলেন, আমরা চাঁদাবাজি করি না, কাউকে করতেও দেব না। দুর্নীতিবাজদের আশ্রয় দেওয়া হবে না। ব্যাংক ডাকাতি, লুটপাট বা মামলা বাণিজ্যের সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো আপস নেই। যারা এসব অপরাধ করেছে, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।
নারীদের প্রতি সম্মানজনক আচরণের ওপর জোর দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, সাম্প্রতিক সময়ে কিছু মানুষ মায়েদের নিয়ে অপমানজনক আচরণ করছে, যা অত্যন্ত দুঃখজনক। তিনি সবাইকে সতর্ক করে বলেন, আমরা সবাই মায়ের সন্তান। মাকে যত বেশি সম্মান দেওয়া হবে, আল্লাহ তত বেশি এই জাতিকে সম্মানিত করবেন। এ ধরনের আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।








