Search
Close this search box.

মার্কিন যুদ্ধজাহাজের কাছে ধ্বংস হলো ইরানি ড্রোন

হাবিবা

ছবিঃ সংগৃহীত

মার্কিন প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, আরব সাগরে তাদের বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করে ধেয়ে আসা একটি ইরানি ড্রোন ধ্বংস করা হয়েছে। ঘটনা ঘটেছে মঙ্গলবার।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সামরিক কমান্ড (সেন্টকোম) ও নৌবাহিনীর মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স জানিয়েছেন, ইউএসএস আব্রাহাম লিঙ্কনে অবস্থান করা একটি এফ-৩৫সি যুদ্ধবিমান ড্রোনটি ধ্বংস করেছে। ড্রোনটি আব্রাহাম লিঙ্কনের দিকে ধেয়ে আসছিল, তবে আঘাত হানার আগেই সেটি ধ্বংস করা হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ইরানের অনলাইন সংবাদমাধ্যম তাসনিম নিউজও জানিয়েছে, একটি সামরিক ড্রোন নিয়ন্ত্রণ হারিয়ে আরব সাগরে ভেসে বেড়াচ্ছিল এবং মার্কিন নৌবাহিনী সেটি ভূপাতিত করেছে। তবে ড্রোনটি কেন নিয়ন্ত্রণ হারিয়েছিল, তা এখনও নিশ্চিত নয়।

মার্কিন প্রতিরক্ষা বাহিনী ঘটনার খবর নিশ্চিত করার পর রয়টার্স জাতিসংঘের ইরান মিশনের সঙ্গে যোগাযোগ করেছে, তবে তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

গত জানুয়ারির প্রথম সপ্তাহে ইরানে সরকারবিরোধী আন্দোলনের সময়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইন্দো-প্রশান্ত অঞ্চল থেকে মধ্যপ্রাচ্যে ইউএসএস আব্রাহাম লিঙ্কন ও অন্যান্য নৌজাহাজের একটি বড় নৌবহর মোতায়েনের নির্দেশ দেন। লক্ষ্য ছিল ইরানের ওপর চাপ সৃষ্টি করা। বর্তমানে এই নৌবহর আরব সাগরে অবস্থান করছে।

এ ঘটনা এমন সময়ে ঘটল যখন ইরানের পরমাণু প্রকল্প নিয়ে তুরস্কের ইস্তানবুলে ওয়াশিংটন ও তেহরানের সরকারি প্রতিনিধিদের বৈঠক চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বৈঠক আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে। ইরানের পরমাণু প্রকল্প নিয়ে দুই যুগ ধরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা বজায় রয়েছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ