Search
Close this search box.

‘আওয়ামী লীগের সঙ্গে বিএনপির সমঝোতা হয়েছে’: বালিয়াডাঙ্গী বিএনপি নেতার বক্তব্যে তোলপাড়

অহনা

নির্বাচনের ঠিক আগমুহূর্তে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বালিয়াডাঙ্গী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে চরম বিতর্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রকাশ্যে এক জনসভায় তিনি দাবি করেছেন, স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির ‘সমঝোতা’ বা ‘কমিটমেন্ট’ হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে বালিয়াডাঙ্গী এলাকায় আয়োজিত এক নির্বাচনি উঠান বৈঠকে তিনি এই মন্তব্য করেন। বক্তব্যের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর সাধারণ কর্মী ও ভোটারদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে মাহবুবুর রহমানকে উপস্থিত কর্মীদের উদ্দেশ্যে বলতে শোনা যায়:

“ভোট দিতে গিয়ে আবার যদি বিএনপিকে ভোট না দিয়ে জামায়াতকে ভোট দেন—তাহলে কী হবে? আপনাদের সঙ্গে আমাদের অতীতের শত্রুতা আরও তীব্র হবে। অথচ আপনাদের সঙ্গে, আওয়ামী লীগের ভাইদের সঙ্গে আমাদের ‘কমিটমেন্ট’ হয়েছে।”

তিনি আরও যোগ করেন, “আমরা কোনো ঝামেলা করব না। এজন্য আমাদের শুধু ভোট দিলে হবে না, একসঙ্গে ভোট করতে হবে যাতে সম্পর্কের উন্নয়ন ঘটে। অতীতে যা ক্রাইম হয়েছে, তা আর হবে না।”

বক্তব্যের এক পর্যায়ে ওই নেতা হিন্দু ধর্মাবলম্বী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভোটারদের আশ্বস্ত করে বলেন, “আমরা আওয়ামী লীগ ভাইদের সঙ্গে আছি, হিন্দু ভাইদের সঙ্গে আছি। হিন্দু ভাইদের জন্য আমরা বড় রকমের সহযোগিতা দেব।” বিশ্লেষকদের মতে, মূলত সংখ্যালঘু ভোটারদের আস্থা অর্জন করতেই তিনি এমন ‘নরম সুর’ বেছে নিয়েছেন।

দেশজুড়ে আন্দোলনের প্রেক্ষাপটে বিএনপির একজন শীর্ষস্থানীয় নেতার মুখে আওয়ামী লীগের সঙ্গে ‘গোপন সমঝোতার’ কথায় দলের ভেতরে-বাইরে বিভ্রান্তি ছড়িয়েছে। ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের বাসিন্দা দিলীপ রায় ক্ষোভ প্রকাশ করে বলেন, “ভোটের আগেই যত মধুর বচন। ভোট শেষ হলেই সব শেষ। জানি না তখন কী হবে আমাদের ভাগ্যে।”

এই বিতর্কিত বক্তব্যের বিষয়ে জানতে মাহবুবুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে বা এর ব্যাখ্যা দিতে রাজি হননি।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ