Search
Close this search box.

বক্স অফিসে নিশোর ‘দম’ বনাম শাকিবের ‘প্রিন্স’: আয়ের দৌড়ে নতুন রেকর্ড

অহনা

এবারের ঈদুল ফিতরে মুক্তি পাওয়া পাঁচটি সিনেমার মধ্যে দর্শকপ্রিয়তা আর আয়ের লড়াই জমে উঠেছে। তবে আলোচনার তুঙ্গে থাকা আফরান নিশো অভিনীত ‘দম’ সিনেমাটি আয়ের দৌড়ে রীতিমতো অপ্রতিদ্বন্দ্বী অবস্থানে পৌঁছে গেছে। অন্যদিকে, ঢালিউড সুপারস্টার শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমাটিও মাল্টিপ্লেক্সগুলোতে দাপট দেখাচ্ছে।

বাংলাদেশ মুভি রেটিংয়ের (বিএমআর) তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম সিনেমা হিসেবে দেশের মাল্টিপ্লেক্স থেকে ১ কোটি টাকার গ্রস কালেকশনের মাইলফলক স্পর্শ করে নতুন রেকর্ড গড়েছে ‘দম’।

রেদওয়ান রনির পরিচালনায় ‘দম’ সিনেমাটি মুক্তির প্রথম দিন থেকেই দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

মুক্তির প্রথম পাঁচ দিনেই সিনেমাটির মোট মাল্টিপ্লেক্স গ্রস দাঁড়িয়েছে ১ কোটি ৬৭ লাখ টাকায়।মুক্তির প্রথম দিনে ৩০.৩৯ লাখ টাকা দিয়ে যাত্রা শুরু করে দ্বিতীয় দিনে ৩৪.৭ লাখ এবং তৃতীয় দিনে সর্বোচ্চ ৩৬.৫২ লাখ টাকা আয় করে সিনেমাটি। পঞ্চম দিনেও এর আয় ছিল ৩২.১৭ লাখ টাকা।আফরান নিশোর পাশাপাশি এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরী, চঞ্চল চৌধুরী ও ডলি জহুর।

ঢাকার আন্ডারওয়ার্ল্ডের গল্প নিয়ে নির্মিত ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ সিনেমাটি নিয়ে দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া থাকলেও বক্স অফিস কালেকশন বেশ আশাব্যঞ্জক।

 বিএমআরের তথ্যমতে, পাঁচ দিন শেষে ‘প্রিন্স’ সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস দাঁড়িয়েছে ৮৬ লাখ ৪১ হাজার টাকায়

প্রথম দিনে ১৬.১৯ লাখ টাকা আয় করলেও দ্বিতীয় দিনে তা বেড়ে ২০.৬ লাখ টাকায় দাঁড়ায়। আয়ের এই ধারা বজায় থাকলে ষষ্ঠ দিনেই সিনেমাটি ‘কোটির ক্লাবে’ প্রবেশ করবে বলে ধারণা করা হচ্ছে।আবু হায়াত মাহমুদ পরিচালিত এই সিনেমায় শাকিব খানকে সম্পূর্ণ ভিন্ন এক গ্যাংস্টার ইমেজে দেখা গেছে। তাঁর বিপরীতে আছেন তাসনিয়া ফারিণ ও কলকাতার জ্যোতির্ময়ী কুণ্ডু।

এবারের ঈদে এই দুই ব্লকবাস্টার ছাড়াও আরও তিনটি সিনেমা মুক্তি পেয়েছে: ১. রাক্ষস: মেহেদি হাসান হৃদয় পরিচালিত, অভিনয়ে সিয়াম আহমেদ। ২. বনলতা এক্সপ্রেস: হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তানিম নূরের পরিচালনায়, অভিনয়ে চঞ্চল চৌধুরী। ৩. প্রেশার কুকার: শবনম বুবলী অভিনীত সামাজিক ঘরানার সিনেমা।

তবে আয়ের নিরিখে এখন পর্যন্ত সবাইকে ছাড়িয়ে একক আধিপত্য বজায় রেখেছে ‘দম’। সিনেপ্লেক্সগুলোতে দর্শকদের দীর্ঘ লাইন প্রমাণ করছে যে, নিশো-রনি জুটি বড় পর্দায় তাঁদের ম্যাজিক দেখাতে সফল হয়েছেন।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ